ওটা

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২৪

ঐ শিশুটি সারাদিনই দাঁড়িয়ে থাকে খেতে,

তার কি কোনো সাধ জাগে না মায়ের আদর পেতে?

 

সে কি বুঝি ভীষণ গরিব একটা ছেঁড়া জামায়

কেমনে কাটায় বারোটি মাস বলতে পারো আমায়?

 

হয়তো খোকা খায়নি ক’দিন মুখটা বেজায় কালো,

দেখে তাকে ভয়ে আমার পিলেটা চমকালো।

 

এসব কথা আমার কাছে বলছে আমার মেয়ে,

দেখি মেয়ের মুখটি গেছে আষাঢ়-মেঘে ছেয়ে।

 

জিজ্ঞেস করি, বলো তো মা ব্যাপারখানা খুলে,

দেখালো সে মাঠের দিকে তর্জনীটা তুলে।

 

জমছে তখন মেয়ের চোখে বৃষ্টি ফোঁটা-ফোঁটা,

আমি দেখি, দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া ওটা।