সাভারের আশুলিয়ার আলোচিত সেই ছোট গরু ‘রানি’ মারা গেছে। রানিকে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে কিছুদিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ। গতকাল সাভার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন। পেটে গ্যাস জমে বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটি মারা গেছে বলে তিনি জানান।
শিকড় এগ্রো ফার্মের নিজস্ব পশুচিকিত্সক আতিকুজ্জামান জুয়েল বলেন, বুধবার ‘রানি’ অসুস্থ হয়ে পড়ে। তখন থেকেই তার চিকিত্সা চলছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল সকালে তাকে সাভারের প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিত্সা চলাকালে বেলা ২টার দিকে গরুটি মারা যায়।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে গরুটি নওগাঁ থেকে সংগ্রহ করেছিলেন আশুলিয়ার চারিগ্রামের শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান। গত ২ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এর পরই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ফলে গরুটি বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। ছোট এ গরুটির ওজন ছিল ২৬ কেজি, উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ২৭ ইঞ্চি। বয়স হয়েছিল দুই বছর।
