বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে গাড়ি সংযোজন কারখানা করবে ইফাদ অটোস

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৪৬

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে গাড়ি অ্যাসেম্বলিং করার লক্ষ্য নিয়ে ৩০ একর জমির ইজারা চুক্তি স্বাক্ষর করেছে ইফাদ অটোস লিমিটেড। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইফাদ অটোস লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক তানভির আহম্মেদ এবং বেজার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য মো. আলী আহসান। ইফাদ অটোস লিমিটেড গাড়ি অ্যাসেম্বলিং ও লুব্রিকেন্ট কারখানা এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প স্থাপন করার লক্ষ্যে ৫ কোটি ১০ লাখ ডলার (৪৩৩ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগের পরিকল্পনা করেছে। নতুন এ প্ল্যান্টের মাধ্যমে প্রত্যক্ষভাবে প্রায় ৮৮০ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, দেশে ব্যক্তিগত গাড়ি, বাণিজ্যিক যান ও মোটরসাইকেল শিল্প স্থাপনের একটা সুযোগ তৈরি হয়েছে এবং সুযোগটি বেজার বিনিয়োগকারীগণ কাজে লাগাতে চায়। তিনি বলেন, শুধু বাংলাদেশের বাজার নয়, আশপাশের দেশেও গাড়ি, যন্ত্র ও যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করে রপ্তানি করা যেতে পারে।