নদনদী ভাইবোন

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৪৯

৩৬.

 

নদীকদম্বে

আমরা খরস্রোত

বালিবোধ

জলের গ্রহণবোধে

বলি

                তুমি পদ্মার মৌসুম

                ব্রহ্মপুত্র আমি

 

আমরা দৈমাতৃক

শস্য নেবে কে

 

বল্লম আর শরকির

অতি দখলের

সংঘাত নয়

মৃত্যু নয়

 

জলের হূদয়ে এসো

এসো পাড়ের পরান

 

৩৭.

 

বলো নদীদূত

বলো অন্তঃসলিল বাহিনী

এই খরার দিনে আমার জনপদে

কৃষিসত্যপাশে বেঁচে আছে কোন্ নদী

 

পাথরে আমার নিবাস

এই মেট্রোপলিটনে

জলরক্ত হাতে

আমি নদীভবহীন।

 

সন্তানসন্ততি 

কথা বলে

মাতা নদীর নিকটে

 

পদ্মাতীরে বাস

রায়ভাটি জানে

আমার গ্রামের মানুষ নদীচিহ্নে

কী করছে আজ

 

বলো নদীদূত

নদীরয় কবে আসবে ফিরে

 

গয়না ভাসিবে তরঙ্গে আমার