বরিশালে ইউএনওর বাসায় হামলা

সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে :ফখরুল

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:০৯

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষে তালা দেওয়া ও তাকে হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসিফ নজরুল সাহেবকে কীভাবে তালা লাগিয়ে দিয়েছে এবং কীভাবে তাকে থ্রেট করেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলকে নিয়ে বিএনপি মহাসচিব প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বরিশালে সদর উপজেলা নির্বাহী অফিসারের (টিএনও) বাসভবনে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বরিশালের ঘটনা, সারা দেশে এ রকম সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে। শুধু বরিশাল কেন? সব খানেই।’ এ সময় সাম্প্রতিক ঘটনায় গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন তিনি। একদলীয় শাসন কায়েম করতেই বিরোধী দলগুলোর ওপর দমন-নিপীড়ন চলছে বলে জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এখানে আসার আগে আমি শুনেছি, ২৫ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাধা দেওয়া হয়েছে। আমরা গত পরশু এবং আজকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’