দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। দেশটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযানের বিষয়ে অবশেষে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় আজ শুক্রবার (২০ আগস্ট) তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের ক্ষমতা দখল নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে ১৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করে রেখেছে মানুষ।
গত রবিবার কাবুল দখলে নিয়েছে তালেবান। সে সময় থেকে এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ৩ হাজার ২০০ জনের বেশি মার্কিনকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আফগানিস্তানে তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছে এমন প্রায় দুই হাজার আফগানকেও যুক্তরাষ্ট্রে নেও্যা হয়েছে।
এর আগে, জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিককে ফিরিয়ে নেওয়া হবে।
ইত্তেফাক/টিআর
