কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় আনা হয়েছে

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৩:১৮

উন্নত চিকিৎসার জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় আনা হয়েছে। শনিবার সকালে রাজশাহী বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদেশ্যে রওনা হয়।

তিনি ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন।

ছবি: সংগৃহীত

এর আগে তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমতিয়াজ হাসান মৌলী জানিয়েছিলেন, ‘বাবা মানুষের সান্নিধ্য পছন্দ করেন। করোনার কারণে সেই সুযোগ তিনি পাচ্ছেন না।’

ড. ইমতিয়াজ হাসান জানান, ‘প্রায় এক মাস আগে বাবা বাথরুমে পড়ে যান। এতে তিনি কোমরে ব্যথা পান। পড়ে গিয়ে যেখানে ব্যথা পেয়েছিলেন সেখানে এক্স-রে করানো হয়েছে। সেখানে হালকা ফ্যাকচার ধরা পড়েছে। এরপর থেকে তিনি বিছানাগত। বিছানা থেকে উঠতে পারেন না। শরীরে লবণের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে কাউকে চিনতেও পারছেন না। অনেকটা ঘোরের মধ্যে রয়েছেন।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ

অধ্যাপক হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকার ‘বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস)’ নিজ বাসা ‘উজান’-এ বসবাস করছেন।

ইত্তেফাক/এএএম