বরিশাল অফিস
নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়কর মেলার চতুর্থ দিন গতকাল শনিবার দুপুরে করদাতা ও রিটার্ন দাখিলকারীদের অংশগ্রহণে মেলাস্থল উত্সব মুখর হয়ে উঠেছে। বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ জানান, গতবারের চেয়ে এবার আয়কর দাতারা অনেক সচেতন হয়েছেন। তাই প্রথম চারদিনে মেলায় দুই কোটি ৯০ লক্ষ ৩৩ হাজার ৩৮২ টাকার কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন সাত হাজার তিনশ’ ৫৬ জন করদাতা। নতুন ই-টিন এর মাধ্যমে করদাতা হয়েছেন তিনশ’ ৬৯ জন। এছাড়াও ৫৫ হাজার আটশ’ ৪৯ জনকে সেবা প্রদান করা হয়েছে। কর কমিশনার মকবুল হোসেন পাইক জানান, মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন করদাতা সৃষ্টি হওয়ার পাশাপাশি রিটার্ন জমা দেওয়ার জন্য পুরাতন করদাতাদের ভিড় বাড়ছে।
উল্লেখ্য গত ১৩ নভেম্বর থেকে নগরীর অশ্বিনী কুমার হলে শুরু হওয়া সাত দিনব্যাপী আয়কর মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ২০টি স্টলের মাধ্যমে করদাতাদের সেবা প্রদান করে যাচ্ছে বরিশাল কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।
