মসজিদ খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসীর আলটিমেটাম

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:২৬

ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের এক বছর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার এক বছর হলেও মসজিদটি এখন পর্যন্ত নামাজের জন্য খুলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ও নিহতদের স্বজনরা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর মসজিদের সামনে স্থানীয় মুসল্লিরা ও এলাকাবাসী আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় বক্তারা বলেন, বিস্ফোরণের ঘটনার পর থেকে মসজিদটি বন্ধ রাখায় ভেতরে দীর্ঘদিন যাবত্ পানি জমে মেঝে স্যাঁতসেঁতে ও জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে নামাজের জন্য অনুপযোগী হয়ে যাবে। এছাড়া মুসল্লিদেরও নামাজ আদায়ে ব্যাঘাত ঘটছে।

এসব বিষয় তুলে ধরে আগামী মঙ্গলবারের মধ্যে তিতাসের তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলসহ শুক্রবারের মধ্যে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য খুলে দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন তারা। অন্যথায় তিতাস অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও এলাকাবাসী হুঁশিয়ারি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের নিহত ইমাম আবদুল মালেক নেছারির দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধন শেষে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালে গ্যাস পাইপলাইনের লিকেজ ও বিদ্যুতের শর্টসার্কিট থেকে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অর্ধ শতাধিক মুসল্লি দগ্ধ হন। পরে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় ইমাম ও মুয়াজ্জিনসহ ৩৪ জনের মৃত্যু হয়।