হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১শে আগস্টের প্রত্যয় :তথ্যমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২১, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ থেকে হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১ শে আগস্টের প্রত্যয়। গতকাল শনিবার বিকালে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা হয়েছে। এই হামলা ১৯৭৫ সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতাতেই পরিচালিত। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল। ’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দিনের আলোতে ২১ শে আগস্ট যে ধরনের নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পৃথিবীতে এ ধরনের হামলা আর সংঘটিত হয়েছে কি না তা অজানা।  সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন,  বাংলাদেশের রাজনীতিতে অগ্রগতি ও প্রগতি ধারার নেতৃত্বশূন্য করাই ছিল এ হামলার প্রধান লক্ষ্য।

সভায় আরো বক্তব্য রাখেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, সাবেক এমপি শাহিদা তারেখ দীপ্তি, সাবেক এমপি অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, ২১ শে আগস্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন নাজমুল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানের সঞ্চালনায় অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকালে শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বরিশালের ঘটনাকে পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না। তদন্তে সত্য উদ্ঘাটিত হবার আগে এ নিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করাও সমীচীন হবে না।