দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টাই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল কারণ ----------------- শেখ পরশ

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০০:০০

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সামস পরশ বলেছেন, স্বাধীন বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর অপচেষ্টাই ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল কারণ। শুক্রবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট মর্মন্তুদ হত্যাকাণ্ডে শহিদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা কেন হয়েছিল? কারণ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা, যেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার না হয়, যাতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর কোনো দিন ক্ষমতায় না আসতে পারে, যেন এদেশটি আইএসআই নিয়ন্ত্রিত পাকিস্তানি ভাবধারায় তাবেদারি রাষ্ট্রে পরিণত হয়। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করা ছিল তাদের মূল পরিকল্পনা। শেখ পরশ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিলাম। সেদিন হারিয়েছিলাম বঙ্গবন্ধুসহ পরিবারের সব সদস্যকে। আসলে ১৫ আগস্ট ছিল সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং এর পেছনের কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা এই প্রজন্মের অন্যতম দাবি।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাসহ প্রমুখ নেতা।