রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমি চাই না জঙ্গিরা এখানে শরণার্থীদের আড়ালে এসে উপস্থিত হোক। রবিবার (২২ আগস্ট) তিনি এ মন্তব্য করেন। রাশিয়ান নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সেখানে বলা হয়, মূলত ভিসা ছাড়াই রাশিয়ার পার্শ্ববর্তী মধ্য এশিয়ার দেশগুলোতে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তাবের সমালোচনা করেন প্রেসিডেন্ট পুতিন। তার কথা হচ্ছে, যেখানে শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ভিসার প্রক্রিয়া করছে সেখানে মধ্য এশিয়ায় কেনো ভিসা ছাড়া।

পুতিন বলেন, তার মানে কী তারা (যুক্তরাষ্ট্র ও ইউরোপ) আমাদের প্রতিবেশি দেশগুলোতে ভিসা ছাড়াই শরণার্থীদের পাঠাচ্ছে, যেখানে তারা নিজেরা ভিসা ছাড়া কাউকে নিতে চাচ্ছে না? সমস্যা সমাধানের জন্য এমন অপমানজনক পদ্ধতি কেনো?
এর আগে গত শুক্রবার পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানে হস্তক্ষেপ বন্ধ করতে বলেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বিদেশ থেকে বিদেশী মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্বজ্ঞানহীন নীতি বন্ধ করতে হবে।
আগের আফগান সরকারকে সমর্থন করার জন্য পশ্চিমাদের সমালোচনা করেন পুতিন। এটা বিদেশী ধাঁচে অন্যদেশে গণতন্ত্র গড়ে তোলার চেষ্টা ছিল বলে মন্তব্য করেন তিনি।
ইত্তেফাক/টিএ

