বরিশাল অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে দিতে হবে। আর তাহলেই বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করবে। শোকার্ত আগস্ট স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে কথাগুলো বলেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। শুক্রবার বিকালে জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। আলোচনাসভায় অন্যদের মধ্যে সংযুক্ত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১ থেকে ১৬, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০-এর নেতৃবৃন্দ।
