হোয়াটসঅ্যাপের সন্দেহজনক ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে প্রতিমাসে সন্দেহজনক ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেশিন লার্নিং সিস্টেমের মাধ্যমে ভুয়া খবর ছড়ানো অ্যাকাউন্টগুলোকে শনাক্ত করা হচ্ছে। আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে বা একবারে অনেককে ম্যাসেজ পাঠাতে গেলে তা মেশিন লার্নিং সিস্টেম ধরে ফেলছে। অন্যান্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতেও বন্ধ করা হচ্ছে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ আরও জানায়, সঠিক তথ্য না দিয়ে অ্যাকাউন্ট খোলার সময় সিস্টেমটি আটকে দিয়েছে ২০ শতাংশ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন বাতিলের সময় ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, কোন অঞ্চলের ফোন নম্বর দিয়ে সাইন আপ করা হচ্ছে, অ্যাকাউন্টের বয়স, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ম্যাসেজ পাঠানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সামপ্রতিক সময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া ম্যাসেজ ছড়ানোর হার মাত্রাতিরিক্ত বেড়েছে। অপপ্রচার ঠেকাতে ম্যাসেজ ফরোয়ার্ড করার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি। নতুন নিয়ম অনুযায়ী, একটি ম্যাসেজ সর্বোচ্চ ৫ বার ফরোয়ার্ড করা যাবে। ৬ বারের বার ম্যাসেজ ফরোয়ার্ড করতে চাইলে ফরোয়ার্ড বাটন আর কাজ করবে না।