ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানব কল্যাণ এবং লোক সংস্কৃতির বিকাশ সাধনের ব্রত নিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলা পল্লি বাউল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বাউল ও লোকশিল্পীদের কল্যাণমূলক কাজে নিয়োজিত আছে প্রতিষ্ঠানটি। শনিবার দুপুরে উপজেলার মাইলাগী ফকিরিয়া শাহ্ মনিরিয়া দরবার শরিফ প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠিত হয়েছে।
পল্লি বাউল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ফকির মনির বাউলের সভাপতিত্বে বক্তব্য রাখেন হারুন আল চিসতি, আব্দুল মান্নান সরকার, মো. আব্দুস ছালাম সরকার, আরিফ সরকার, আবুল আজাদ ও আব্দুর রাজ্জাক রাজ। আলোচনা ও মতবিনিময় সভা শেষে সভাপতি পদে বাউল মো. আব্দুস ছালাম সরকার, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক হেলাল সরকারসহ মোট ২৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
