পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট বন্দরে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট বোনকে বড় বোন ও তার ছেলেমেয়েরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ বড় বোন, তার দুই মেয়ে ও এক ছেলেকে গ্রেফতার করেছে। নিহত বোনের নাম মাকনু আক্তার (৩৫)। গ্রেফতারকৃতরা হচ্ছেন—বড় বোন কামরুন্নাহার মিনু (৫০), তার দুই মেয়ে শারমীন আক্তার সুমনা (৩৩), ইলমা জাহান মোহনা (২১) ও ছেলে কামরুজ্জামান (২৮)।
জানা যায়, শনিবার দুপুরে পাড়েরহাট বন্দরের দক্ষিণ প্রান্তে আব্দুর রব তালুকদারের বাড়িতে বোন ও বোনের ছেলেমেয়ের হাতে মাকনু আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশার বাদুরা গ্রামের আব্দুর রব তালুকদারের বড় মেয়ে কামরুন্নাহার মিনুর সঙ্গে তারই ছোট বোন মাকনু আক্তারের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। শনিবার একটি টেবিলফ্যান নিয়ে দুই বোনের মধ্যে বাগিবতাণ্ডতা হয়। একপর্যায় কামরুন্নাহার ও তার ছেলেমেয়েরা মাকনু আক্তারের ওপর চড়াও হয়। এ সময় মাকনু ঘরের মেঝেতে পড়ে গেলে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি এম শামিম আহমেদ জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় উক্ত চার জনকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
