আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহে দেশে আনা হবে : শাহরিয়ার আলম

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০০:১৯

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রবিবার গণমাধ্যমকে একথা জানান তিনি।

জানা গেছে, বর্তমানে আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকে পড়েছেন। উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে ঢাকার পক্ষ থেকে। অনেক দেশই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

উল্লেখ্য, আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিদেশি নাগরিকেরা দেশটি ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকে পড়েছেন।