উত্তরাধিকার সূত্রে খুনের রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি ও খালেদা জিয়া ------------------ আমু

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০০:২০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘খালেদা জিয়া উত্তরাধিকার সূত্রে খুনের রাজনীতির পৃষ্ঠপোষকতা করছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলটিকে নিশ্চিহ্ন করাই ছিল ভয়াল ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য। ঘাতকচক্রের ১৯৭৫ সালের ১৫ আগস্টের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই শেখ হাসিনার জীবননাশের অপচেষ্টা করা হয়েছিল।’

গতকাল রবিবার গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১৪ দলের ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ‘পঁচাত্তরে যেভাবে বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতা করেছেন জিয়াউর রহমান, ঠিক একই পন্থায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করেছেন খালেদা জিয়া। এতেই প্রমাণিত হয় ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা এবং তাদের লক্ষ্য এক ও অভিন্ন।’

আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাসদ সভাপতি  হাসানুল হক ইনু এমপি, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত  ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত্ হোসেন, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ। সভার সঞ্চালক ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।