বিনোদন রিপোর্ট
আমাদের দেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লার বরাবরেরই ভক্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ও চিত্রনাট্যকার গুলজার। মাস কয়েক আগে এক আমন্ত্রণে যখন গুলজার ঢাকায় আসেন তখন রুনা লায়লার আতিথেয়তায় মুগ্ধ হন। দুই কিংবদন্তীর একসাথে দীর্ঘ আড্ডাটিও হয়ে ওঠে অনবদ্য। দু’জনের ভেতরে সম্পর্কটাও একেবারে পারিবারিক। গত বৃহস্পতিবার রুনা লায়লা তার ফেসবুক পেজে গুলজারের একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেন। যেখানে হিন্দিতে বলা গুলজারের শুভেচ্ছা বার্তাটি বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় তাতে রুনা লায়লার প্রতি দারুণ ভক্তির কথাই তিনি বলেছেন।
গুলজার তার ভিডিও বার্তায় বলেন, ‘আপনার আর আমার বয়সের যতটুকু পার্থক্য তাতে এটা অনুভব যায় যে, যৌবনে আমি যখন আপনার গান শুনতাম, আর তখন আপনি ছোট ছিলেন। এখন যখন আমার বয়স হয়েছে তখনো দেখি আপনি সেই যৌবনে আটকে আছেন। আপনার কণ্ঠ যেন দিনদিন আরো রূপ-যৌবন লাভ করছে। আপনার অসাধারণ কণ্ঠ সেই সময় থেকে আমার সঙ্গী। আপনাকে যখন শুরুতে শুনতাম, দারুণ লাগতো। আপনি যখন মাথা দুলিয়ে গাইতেন, খুব সুন্দর দেখাতো। সে সময়কার মুহূর্তগুলো আজও আমার মনে আছে। তখন থেকে আজ পর্যন্ত আপনি আমার হূদয়ের সিংহাসনে আছেন, স্মৃতিতে আছেন, নয়নজুড়ে আছেন। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, আপনার শুভাকাঙ্ক্ষিও।’
