হূদি শেখ। এদেশে মর্ডান ড্যান্স নিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দেশের বাইরেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন। এবার মর্ডান ড্যান্স ক্লাস নিতে যাচ্ছেন তিনি। সেই প্রসঙ্গের পাশাপাশি ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গ ও দেশের নাচ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
বেশ ভালো। কারণ শিগগিরই আমি আমার ড্যান্স ক্লাস শুরু করতে যাচ্ছি। এটি আমার জন্য বেশ আনন্দের বিষয়।
শুরুতে তাহলে আপনার ড্যান্স ক্লাস নিয়ে জানতে চাই—
একটি জিম প্রতিষ্ঠানের সাথে আমি এই কাজটি শুরু করতে যাচ্ছি। দেশের স্বনামধন্য একটি জিম এটি, যেখানে অনেক তারকা নিয়মিত যান সেখানে আমি মর্ডান ড্যান্স ক্লাস নিবো। যারা জিমের সদস্য তারাও এখানে অংশ নিতে পারবেন। এছাড়াও নতুন সদস্যরা তো থাকবেই। এটি আমার অনেকদিনের ইচ্ছে ছিল। সেটি শুরু করতে যাচ্ছি।
আমাদের দেশে নাচ নিয়ে পেশাদার জায়গায় পৌঁছানোটা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জের মনে হয়?
নাচ নিয়ে ক্যারিয়ারে গড়া আমাদের দেশে বড় একটি চ্যালেঞ্জ। তবে অসম্ভব আমি বলবো না। কারণ আমাদের দেশে অনেক গুণী নৃত্যশিল্পী রয়েছেন, যারা আন্তর্জাতিক পর্যায় বেশ প্রশংসিত। কাজের প্রতি ভালোবাসা ও ইচ্ছেটা থাকলে সব সম্ভব।
আপনাকে সাধারণত মর্ডান ড্যান্স করতে দেখা যায়। আমাদের নিজস্ব সংস্কৃতির নাচ নিয়ে কাজ করার ইচ্ছে আছে কি-না?
আমি ফোক ও ক্লাসিক্যাল নাচ দুটিই করেছি। আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে। আমি দেখেছি আমাদের দেশের মর্ডান ড্যান্স অনেক পিছিয়ে রয়েছে। যেখানে আমাদের অনেককিছু করার আছে ও শেখার আছে। তাই এটি নিয়েই আমার কাজের আগ্রহ।
সামনে ভালোবাসা দিবস ও ভাষা দিবস। এ নিয়ে আপনার ব্যস্ততা কেমন?
ভালোবাসা দিবসে আমার বেশ কয়েকটি কাজ আসবে। এরমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটি ড্যান্স কাভার, বেশ কয়েকটি বিজ্ঞাপন ও একটি মিউজিক ভিডিও রিলিজ পাবে। এছাড়া ভাষা দিবসের জন্য একটি বড় চমক নিয়ে আসছি আমি। এটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে দর্শকদের ভালো লাগবে সেই বিশ্বাস আছে।
সিনেমায় কাজের কোনো খবর রয়েছে কি-না?
সিনেমা নিয়ে কথা হচ্ছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। তাই নিশ্চিত কিছু বলতে পারছি না।
