পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রীর পক্ষে মনোনয়ন
চান ঈশ্বরদী আওয়ামী লীগের নেতারা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি এর পক্ষে মনোনয়ন চান আওয়ামী লীগের স্থানীয় নেতারা। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে একমাত্র তিনিই এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্ষম বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু। এই বিবেচনায় পঞ্চম বারেও শরীফের মনোনয়নের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এমনকি সর্বস্তরের মানুষ একাট্টা। উপজেলা চেয়ারম্যান জানান, শুধু দলীয়ভাবে নয় গত ২রা নভেম্বর ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশ ও সনাতন ধর্মসভা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে আবারো নৌকার মাঝি হিসেবে দেখতে চান। এছাড়া ৩রা নভেম্বর আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের ভরতপুর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলেম, ওলামা ও কওমি মাদ্রাসার বিশাল সমাবেশসহ কয়েকটি সমাবেশে মন্ত্রী শরীফ তাদের প্রতি শেখ হাসিনা সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। যে কারণে আলেম-ওলামা সমাজও মন্ত্রী শরীফের কর্মকাণ্ডে আস্থাশীল।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য আটঘোড়িয়ায় ৬টি জনসভা করেন। এসব জনসভা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
উল্লেখ্য, ৩রা অক্টোবর শামসুর রহমান শরীফকে ৫ম বারের মতো মনোনয়নের সমর্থন জানান ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
বাকেরগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
গণমানুষের নেতা ডক্টর মোয়াজ্জেম
বরিশাল অফিস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাকেরগঞ্জের মাটি ও মানুষের নেতা ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। নিজ নির্বাচনী এলাকায় দলকে সুসংগঠিত করার পাশাপাশি তিনি স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদ-এতিমখানা-পুঁজামন্ডপ-সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে অনুদান ও পৃষ্ঠপোষকতা করে আসছেন। তাছাড়া তিনি কন্যাদায়গ্রস্থ পিতা ও নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে রয়েছেন। বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ডক্টর মোয়াজ্জেম হোসেন ১৯৮৩ সালে কলেজ জীবন থেকেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ’৯০-র গণঅভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে ভূমিকা রাখেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ছাত্রজীবনে তিনি ধানমন্ডি ল’ কলেজের বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং ‘বঙ্গবন্ধু আইন ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গবন্ধু সৈনিক লীগ’-এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। রাজনৈতিক সংগঠন ছাড়াও তিনি বিভিন্ন জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ফলে দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হওয়া অনেকটা সহজ হবে বলে মনে করেন নির্বাচনী এলাকার মানুষেরা।
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন চান নাসরিন আক্তার বিউটি
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট নাসরিন আক্তার বিউটি। তিনি এ আসনে বিএনপির একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় থেকেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে মামলা-হামলা উপেক্ষা করে ছাত্রজীবন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল-জুলুম সহ্য করেছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে মানুষের খুব কাছে থেকে সেবা করার প্রত্যয়ে তার রাজনীতি করা। তিনি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, গরিব-দুঃখী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করতে চাইলে সংসদ সদস্য হলে সহজে করা যায়। আর এ জন্য তিনি সেবামূলক পেশা হিসেবে বেছে নিয়েছেন আইন পেশা। ১৯৯৭ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ও একই বছর বাংলাদেশ সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে অদ্যাবধি আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি বলেন, এখনো নাগরপুর-দেলদুয়ারের অনেক কাজ বাকি। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য সবার কাছে দোয়া চাই। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে আমি আমার সততা ও মেধা দিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব ।
কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালে মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জিএম ফারুক প্রমুখ।
ইসলামপুরে কমিউনিস্ট পার্টির পথসভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে মাদ্রাসা মোড় (দেনুয়ামোড়) সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে পথসভা হয়েছে। শুক্রবার উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাবেক সভাপতি উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য কমরেড মঞ্জুরুল আহ্সান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ফেডারেশনের নেতা কমরেড হযরত আলী, জেলা সিবিপির সভাপতি কমরেড মোজাহারুল হক প্রমুখ।
মাদ্রাসা শিক্ষক সমিতি বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রাম উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি একেএম সামছুদ্দিন, সাংবাদিক আবদুল জলিল রিপন, বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম নুরুল আলম ফারুকী, সমিতির সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম মজুমদারসহ সমিতি ও বৃত্তি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
রংপুর জোনের নব নির্বাহী প্রকৌশলীকে বরণ
রংপুর অফিস সদ্য যোগদানকৃত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানকে শনিবার বরণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোন ও রংপুর এবং গাইবান্ধা জেলার সকল শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা তাকে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগাছা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জান্নাত-ই-মমতাজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের সহকারী প্রকৌশলী আব্দুল কাশেমের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী।
রাজৈর পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা পুনর্বাসনের মধ্য দিয়ে শনিবার থেকে রাজৈর উপজেলা ভিক্ষুক মুক্ত হলো। এখন থেকে আর কেউ সকালে ঘুম থেকে উঠে ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করবে না বলে অঙ্গিকার করছেন পুনর্বাসিত ভিক্ষুকরা। রাজৈর উপজেলা আসমত আলী খান অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ভিক্ষুকদেরকে পুনর্বাসিত করা হয়। এসময় ইউএনও সোহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী প্রমুখ।
কলমাকান্দায় ইটভাটা মালিককে জরিমানা
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় পিএমআর ইটভাটা মালিককে শুক্রবার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় নেওয়ার অপরাধে ভাটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
কাঁঠালিয়ায় শিক্ষক-কর্মচারীদের আনন্দ র্যালি
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শনিবার কাঁঠালিয়ায় আনন্দ র্যালি করেছেন শিক্ষক-কর্মচারীরা। কাঁঠালিয়া উপজেলা শিক্ষক সমিতি ও জমিয়াতুল মোদার্রেসীনের ও কলেজ শিক্ষকদের যৌথ উদ্যোগে এ আনন্দ র্যালি বের হয়। এর পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ আমিরুল ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার। বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল বসার বাদশা, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, অধ্যক্ষ ওবায়েদুল হক, অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
দরিদ্র ও মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার ১০ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। জেলা প্রশাসন আয়োজিত শনিবার নেত্রকোনা ফাউন্ডেশনে থেকে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। নেত্রকোনা পাবলিক হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মির্জা শাকিলা দিল হাছিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক কবি সরোজ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ প্রমুখ।
বাগমারায় দুই দিনব্যাপী আয়কর মেলা
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা ভবানীগঞ্জ কর অঞ্চল, সার্কেল-২২ এর উদ্যোগে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দুই দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্মা জাকিউল ইসলাম। কর অঞ্চল রাজশাহীর উপ কর কমিশনার (প্রশাসন) আবু নসর মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপকর কমিশনার (সার্কেল-২২) জাহাঙ্গীর আলম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক প্রমুখ।
০
