ধূমপান এবং হূদরোগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

ধূমপানের সাথে হূদরোগের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ধূমপানের ফলে শরীরের প্রায় সব অঙ্গই ক্ষতিগ্রস্থ হয়। তবে হার্ট বা হূদযন্ত্রের ক্ষতি অনেক বেশী হয়। ধূমপানের ফলে হূদযন্ত্রের প্রধান যে অসুখ হয় তা হচ্ছে করোনারী হূদরোগ। হঠাত্ মৃত্যুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ করোনারী হূদরোগ। সুতরাং সবার সচেতনতা প্রয়োজন। আমেরিকায় প্রতি পাঁচজনে একজন ধূমপান জনিত জটিলতায় মারা যায়। আমাদের দেশে সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও একথা জোর দিয়ে বলা যায় যে ধূমপান জনিত সমস্যায় প্রতিদিন অনেকে মারা যায়। অথচ একটু সচেতনতাই এসব মৃত্যু প্রতিরোধ সম্ভব। কেউ কেউ ভাবেন যে, তারা কম ধূমপান করেন। সুতরাং তাদের ক্ষতি কম হয়। তবে গবেষণার ফলাফল বলছে অন্য কথা। কম ধূমপান করলে বা মাঝে মাঝে ধূমপান করলেও হূদযন্ত্রের ক্ষতি হয়। সুতরাং যারা অনিয়মিত ধূমপায়ী বা কম সিগারেট খান তাদের এখন থেকেই সাবধান হতে হবে। এ বিষয়টিকে হালকাভাবে নিলে হবেনা। সিগারেটের ধোঁয়ায় বিভিন্ন উপাদান থাকে। এসব উপাদান শুধু যে হূদযন্ত্রের ক্ষতি করে তা নয়। ক্যান্সার হবার জন্য এসব উপাদান সরাসরি দায়ী। সিগারেটের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড থাকে যা করোনারী ধমনীর ভেতর চর্বির স্তর জমতে  সাহায্য করে। আবার সিগারেটের নিকোটিন রক্তচাপ বাড়ায়। আর রক্তচাপ বাড়লে হূদযন্ত্রের উপর চাপ সৃষ্টি হয়। ফলে দেখা দেয় হূদরোগ। ধূমপান করলে আরেকভাবে হূদরোগ হতে পারে। ধূমপান করলে কমে ভালো কোলেস্টেরল। এই ভাল কোলেষ্টেরল বা হূদযন্ত্রের বন্ধু কোলেস্টেলের নাম HDL। HDL মানে High density lipoprotein। HDL বিভিন্ন ধমনীর ভেতর জমে থাকা কোলেস্টেরলকে লিভারে নিয়ে যায়। ফলে হূদরোগের ঝুঁকি কমে যায়। যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের হূদরোগের ঝুঁকি বেশী। গবেষণায় দেখা যাচ্ছে যারা পাঁচটা আর যারা দশটা সিগারেট খান তাদের মধ্যে দশটা সিগারেট খাওয়া মানুষের হূদরোগের ঝুঁকি বেশী। করোনারী হূদরোগে একবার আক্রান্ত হয়ে গেলে ধূমপান ছাড়তেই হবে। এর কোন বিকল্প নেই। অনেকে হূদরোগে আক্রান্ত হবার পরেও ধূমপান ছাড়েন না। একবার হূদরোগে আক্রান্ত হবার পর সাধারণত দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খেতে হয়। এদের দাম যেমন বেশী আবার পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। এসব ওষুধ যারা খান তাদের মধ্যে যারা ধূমপায়ী তারা ভাবেন ওষুধই তাদের হূদরোগ প্রতিরোধ করবে। কিন্তু ধুমপান ছাড়তে তারা ভুলে যান। ফলে ওষুধ খেলেও তাদের হূদরোগের ঝুঁকি কমেনা।  যারা ধূমপান ছাড়তে চাচ্ছেন বা ইতোমধ্যে ছেড়ে দিয়েছেন তাদের জন্য সুখবর। এদের হঠাত্ মৃত্যুর সম্ভাবনা অনেক কমে যায়। ধূমপান জনিত হূদরোগ এড়াতে সিগারেট একেবারে ছেড়ে দেয়া জরুরী। সিগারেট ছেড়ে দিলে হঠাত্ মৃত্যু বা ধূমপান জনিত হূদরোগের সম্ভাবনা একেবারে কমে যাবে। ধূমপান ছেড়ে দেয়া সম্ভব। কিন্তু কাজটা খুব কঠিন। এর জন্য ওষুধ আছে। ওষুধের পাশাপাশি মানসিক শক্তি এবং সদিচ্ছা প্রয়োজন। ধূমপানে যারা আসক্ত তারা সহজে ধূমপান ছাড়তে পারেননা। পারিবারের সকল সদস্যদের দিকে চেয়ে তাকে ধূমপান ছাড়তেই হবে। ধূমপায়ীর সাথে সাথে তাদের পরিবারের সদস্যরাও ধূমপানের ফলে ক্ষতির সম্মুখীন হয়। এসব কথা ভাবতে হবে। মানুষের অসাধ্য কিছুই নেই। সুন্দর জীবন পেতে হলে ধূমপান ত্যাগ করতেই হবে। ধূমপান ছাড়ুন। হূদরোগ প্রতিরোধ করুন। সুন্দর সুস্থ পৃথিবী গড়ে তুলুন।

 

¡ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল

মেডিসিন বিভাগ

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল