সরকারি কর্মচারীদের পেনশন মঞ্জুরিতে বিলম্ব নয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র

ইত্তেফাক রিপোর্ট

সরকারি কর্মচারীদের কর্মস্থলের কোনো মেয়াদের হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় পেনশন মঞ্জুরিতে বিলম্ব না করতে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হতে জারি করা এক পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কোনো কোনো পেনশন মঞ্জুরি কর্তৃপক্ষ অধীনস্থ কর্মচারীর কর্মকালীন হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ায় পেনশন মঞ্জুরি অহেতুক বিলম্ব করে থাকে যা কোনোভাবেই কাম্য নয়। পেনশন মঞ্জুরি বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ এর বিধি ২৪২-৫০৫ ও বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জুরি ও পরিশোধ সংক্রান্ত বিধি বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, পেনশন মঞ্জুরির ক্ষেত্রে কর্মচারীর চাকরির কর্মকালীন কোনো মেয়াদে হিসাব অনিরীক্ষিত থাকলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ কর্তৃক পেনশন মঞ্জুরি না করা অথবা পেনশন মঞ্জুরিতে বিলম্ব করার কোনো বিধিগত ভিত্তি নেই। এমতাবস্থায় অবসরগামী কর্মচারীর কর্মকালীন কোনো মেয়াদের হিসাব নিরীক্ষা সম্পন্ন না হওয়ার কারণে পেনশন মঞ্জুরি না করা অথবা পেনশন মঞ্জুরি বিলম্ব করার মতো অনভিপ্রেত ও বিধিবহির্ভূত প্রবণতা থেকে বিরত থাকার জন্য পেনশন মঞ্জুরকারী সকল কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গেল ডিসেম্বরে মহাহিসাব নিরীক্ষক (সিএন্ডএজি) হতে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এক পত্রে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলে অর্থ মন্ত্রণালয় এ পরিপত্র জারি করে।