রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে সব অনুষদের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে শুরু হয়েছে। গত ২৭ জুন শেকৃবিতে প্রথমবারের মতো শুধুমাত্র কৃষি অনুষদের লেভেল ৩, সেমিস্টার ১/২০১৯ এর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের শিক্ষার্থীরা অনলাইনে চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন।
চলমান করোনা মহামারির ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমেও স্থবিরতা দেখা দেয়। ফলে চারটি অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা যথাসময়ে না হওয়ায় শিক্ষার্থীদের সেশনজটের মুখে পড়তে হয়েছে।

শিক্ষার্থীদের এক্ষতি পুষিয়ে নিতে সোমবার (২৩ আগস্ট) তিনটি অনুষদ (এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট) এবং আজ মঙ্গলবার (২৪ আগস্ট) কৃষি অনুষদসহ চারটি লেভেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এতে কৃষি অনুষদের লেভেল-১ সেমিস্টার-২ এর ৩৭৫ জন, এনিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২ এর ৬৬ জন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের (বিবিএ-২২ জন, ইকোনোমিক্স-২৯ জন) ও ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সাইন্স অনুষদের-২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রতি ২৫ জন শিক্ষার্থীকে অনলাইনে মনিটরিং করার জন্য একজন শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিডকালীন ও কোভিড পরবর্তী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষা ও ক্লাস গ্রহনের রুপরেখা প্রণয়নের জন্য সিন্ডিকেটের ৯৪তম বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়াকে আহবায়ক ও পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. অলোক কুমার পালকে সদস্য-সচিব করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষাগুলো সুষ্ঠভাবে গ্রহণের জন্য প্রফেসর এ. এম. এম. শামসুজ্জামানকে আহবায়ক করে ৫ সদস্যের একটি টেকনিকেল কমিটি গঠন করা হয়।
ইত্তেফাক/কেকে
