সিনেমা হলে ঢুকতে দেওয়া হলো না ঋত্বিককে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:০৪

শুক্রবার (২০ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিনিসুতোয়। তবে সিনেমাটি মাত্র একটি হলেই মুক্তি দেয়া হয়েছে। অতনু ঘোষের পরিচালনায় এতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

কলকাতার নন্দনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীস্থলে ভক্তদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কিন্তু তাকে নন্দনের প্রদর্শনী হলে ঢুকতেই দেওয়া হয়নি। বিষয়টি ঋত্বিক চক্রবর্তী নিজেই ফেসবুকে জানিয়েছেন।

তিনি লিখেছেন, দুঃখিত। আজ নন্দনে ঠিক পৌঁছেও আপনাদের সঙ্গে সেভাবে দেখা করতে পারলাম কই! কোভিড স্বাস্থ্যবিধির কারণে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখার্জি (আমি ওনার নাম জানি, তবে অযথা ওনাকে বিখ্যাত করব না তাই নাম নিলাম না) এই কাজের উপযুক্ত কি না জানি না; কিন্তু অতি অভদ্র তা দেখতেই পেলাম। কী সব নিয়ম উল্লেখ করে, আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না, আর পুরোটাই উনি যাকে বলে পুলিশি রোয়াবেই বোঝালেন।

ঋত্বিক আরও লিখেছেন, ‘অথচ আমাদেরই ছবি চলছে। আমরা দর্শকের সঙ্গে একটু কথাই বলতে গিয়েছিলাম। পরে একাডেমির সামনে ছিলাম, আপনাদের কারো সঙ্গে কথাও হলো। আশা রাখি উনি নিশ্চয়ই একদিন নন্দনের গেটে দাঁড়ানোর মতো ভদ্রতা শিখে নেবেন। ইতিমধ্যে আজ নন্দনে বিনিসুতোয় হাউজফুল ছিল।’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D389789439170064%26id%3D100044170342662&show_text=true&width=500" width="500" height="300" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

এদিকে একটি হলে মুক্তি দেয়া প্রসঙ্গে নির্মাতা অতনু ঘোষ জানান, ‘আসলে এখন এমন একটা সময়, যখন আমরা বড়পর্দা প্রায় ভুলতে বসেছি। গত বছর থেকেই মহামারী করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ। এরপর আমরা ল্যাপটপ কিংবা মোবাইল স্ক্রিনে সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে গেলাম। এতো কিছুর পর আবার বড়পর্দাগুলো খুলতে শুরু করেছে, আমরা পর্যবেক্ষণ করতে চাই কী পরিমাণ দর্শক এখন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসে! কিংবা আগের মতো দর্শক হলমুখি হয় কিনা!’

তিনি আরও বলেন, ‘এই অনিশ্চিত অবস্থায় কোনো প্রযোজকই রিস্ক নিবে না, তবু বড়পর্দার দর্শকদের কথা ভেবে আমরা নিজ উদ্যোগে একটা সুযোগ নিলাম। যদি দর্শক সমাগম আমাদের সন্তুষ্ট করে, তবে বড়পর্দায় সিনেমাটি থাকবে অন্যথায় নয়।’

ইত্তেফাক/বিএএফ