ন্যানসি এখন সিঙ্গেল নন

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:৫৩

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি আবার বিয়ে করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে বিয়ে করবেন তিনি। এ খবর ন্যানসি নিজেই জানিয়েছেন সপ্তাহ দুই আগে। ইত্তেফাক অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, বিয়েটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। বাইরে থেকে মানুষ অনেক কথা বলতে পারে। বলাটা খুব সহজ। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমার জীবনেও কিছু ঘটনা রয়েছে। আর জীবন থেমে থাকে না। আবার নতুন জীবন শুরু করবো, এটা ফাইনাল। তবে দিন-তারিখ পরে জানাবো।

সে সময় সেপ্টেম্বরে বিয়ে করবেন জানালেও পাত্র সম্পর্কে আগাম কোনো ইঙ্গিত দিতে নারাজ ন্যানসি। তবে সেপ্টেম্বর মাস আসার আগেই ফেসবুকে জানিয়ে দিলেন তিনি এখন আর সিঙ্গেল নন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট ইনগেজড’ লিখেছেন তিনি। এরপর আসতে থাকে ‘শুভ কামনা’ জানিয়ে মন্তব্য।

ন্যানসি জানান, রিলেশনশিপ স্ট্যাটাস 'ইনগেজড’ লিখলেও বিয়ে সেপ্টেম্বরেই করছি এবং পাত্র কে তখনোই জানাবো।

তৃতীয় বিয়ে ন্যানসি বেশ ধুমধাম করেই করবেন বলে জানান। সাধারণত যেমন আয়োজনে বাঙালি নারীর বিয়ে হয়, ন্যানসির আগের বিয়েগুলো সেভাবে হয়নি বলে জানিয়েছেন তিনি। বিয়েতে পূরণ হয়নি তার শখ। এবারের বিয়েতে সেই শখ পূরণ করতে চান তিনি।

গত ২ এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে থাকছেন না বলে জানান ন্যানসি। পরে জানান তাদের বিচ্ছেদের খবর। এর আগে ন্যানসি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সেই সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যানসি পরে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন।

ইত্তেফাক/বিএএফ