পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তিন শিশু নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:২৬

শুক্রবার (২০ই আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী হামলায় অন্তত তিন শিশু নিহত হয়েছে। এছাড়াও একজন চীনা নাগরিকসহ তিনজন আহত হয়েছেন। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের কাছে কার্যকারী পদক্ষেপ চেয়েছে দেশটিতে অবস্থিত চীনা দূতাবাস। 

পাকিস্তান সংবাদমাধ্যম ডনের বরাতে জানা যায়, ইসলামাবাদে ইস্ট-বে এক্সপ্রেসওয়ে প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের বহনকারী কনভয়ের উপর বোমা হামলা চালায় ওই আত্মঘাতী হামলাকারী। এ হামলার পর ঘটনাস্থলেই নিহত হন সেই তিন শিশু এবং আহত হন সেই চীনা কর্মকর্তা।

শনিবার (২১ আগস্ট) ইসলামাবাদে অবস্থিত চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে জানানো হয়,  এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের সকল স্তরের সংশ্লিষ্ট বিভাগগুলিকে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে উভয় দেশের আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ডনকে বলেন, পাকিস্তানে প্রায় ২২৯ টি চীনা কোম্পানি কাজ করে। যার মধ্যে বর্তমানে ৪০ টি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পে কাজ করছে। সরকার ইতিমধ্যে পাকিস্তানে চীনা নাগরিকদের হুমকির ব্যাপারে পর্যালোচনা করেছে।

 

পাকিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানি বলেছিলেন, ইস্ট-বে এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি