>> ফারহান ইশরাক
ঘরে বসে কেনাকাটা করা শহরের মানুষের জন্য সহজ একটা ব্যাপার। মোবাইল ফোন থেকে একটি অর্ডার দিলেই কিছুক্ষণের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র চলে আসবে ঘরের দরজায়। এ যেন জাদুর স্পর্শ! কিন্তু এই জাদুর স্পর্শ যতটা সহজ শহরের মানুষের জন্য, ঠিক ততটাই কঠিন গ্রামে বসবাসকারীদের জন্য। এবার এই কঠিন কাজটিকেই সহজ করে তোলার উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজুয়ান রিজভী।
টাঙ্গাইলে নিজ গ্রামে রিজভী গড়ে তুলেছেন ‘হাটবাজার’ নামের ব্যতিক্রমী এক প্ল্যাটফর্ম। সেখানে সত্যি সত্যিই হাটবাজারের সওদা মিলছে বাড়ির উঠানে। তবে অপেক্ষা শুধু একটি ফোনকলের। রিজভীর উদ্যোগের শুরু এ বছরের জুলাইয়ে। লকডাউনের কারণে আশেপাশের দোকানপাট তখন সব বন্ধ। রিজভীর এক আত্মীয়ের ঘরে খাবার শেষ, বাড়ির সবাই অসুস্থ, বাজার করার মতো কেউ নেই ঘরে। তাই রিজভীকেই যেতে হলো বাজারে। লকডাউনের সেই সময়টিতে আরও অনেক পরিবার একই সমস্যায় পড়েছিল। সমস্যা সমাধানের জন্য কিছু করা যায় কি না— সেই ভাবনা থেকেই আসে ‘হাটবাজার’র আইডিয়া। রিজভী বলেন, ‘কারো বাজার শেষ হয়ে গেলে বা প্রয়োজনীয় কিছু লাগলে ‘হাটবাজার’র ফোন নম্বরে কল করলেই হবে। আমাদের টিম গিয়ে বাজার করে পৌঁছে দিবে ঠিকানামতো।’ শুরুতে বাজার করা থেকে শুরু করে বাসায় পৌঁছে দেওয়া—সব কাজ একাই সামাল দিতেন রিজভী। বর্তমানে কাজের চাপ বেশি হওয়ায় তাকে সাহায্য করার জন্য দুজন ডেলিভারিম্যান রেখেছেন। নিজের স্বল্প আয়ে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন তাদের জন্য। ‘হাটবাজার’র কাজ শুরুর পর থেকেই এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন রিজভী। তিনি দেশের প্রতিটি গ্রামে এ সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন।
