আজ ‘ইত্যাদি’ পুনঃপ্রচার

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯:৫৭

 বিনোদন রিপোর্ট

 

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ‘ইত্যাদি’ ধারণের ধারাবাহিকতায় এই পর্বটি ধারণ করা হয় ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন ৬-এর ডিপোতে। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসেবে এটিই হচ্ছে ইত্যাদির দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান।

এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। গানটির কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ক’জন স্থপতি ও প্রকৌশলী। সম্প্রতি আলোচিত হওয়া ‘নয়া দামান’ গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিত্সকদের, যাদের নৃত্যে গানটি আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে। বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, কারিগরী দিক ও সুবিধাসমূহের ওপর ৩টি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিনউল্লাহর ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে গ্রিসে ধারণকৃত অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরনো ইতিহাস থেকে বর্তমান ইতিহাস। এছাড়া নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি একযোগে পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।