উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার রাজাপালং বটতলী হারাশিয়া খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় আট গ্রামের বাসিন্দা। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাম্প্রতিক বর্ষায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতের টানে সাঁকোটি ভেঙে যায়। পরে চলাচল স্বাভাবিক রাখতে গ্রামবাসী পুনরায় সাঁকোটি নির্মাণ করে। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মেম্বার জানান, জনগুরুত্বপূর্ণ বটতলী দোছরী হারাশিয়া খালের ওপর একটি সেতু নির্মাণের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক বার আবেদন করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বাঁশের সাঁকোর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারে। তাই এখানে ফুটব্রিজের প্রয়োজন আছে বলে মনে করি না।
