মিডিয়া জগতের নতুন এক নাম আরফিন জুনায়েদ। ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করলেও জুনায়েদের ছেলেবেলা কাটে সৌদি আরবে। ২০১০ সালে ফিরে আসেন দেশের মাটিতে। দেশে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে দীর্ঘ চার বছর অনুশীলন করেছেন। ফলস্বরূপ পেয়েছিলেন একটি বড় খেলার সুযোগ। কিন্তু একটি ইনজুরির কারণে তার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন অধরাই রয়ে যায়।
হতাশ না হয়ে খুঁজতে থাকেন নিজের ভিতরের সুপ্ত প্রতিভা। অভিনয়ের প্রতি ঝোঁক খুঁজে পান নিজের মধ্যে। চর্চা করতে থাকেন অভিনয়ের। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে আগমন ঘটে শোবিজ জগতে।

২০১৬ সালে তপু খান পরিচালিত বাংলা নাটক ‘ইটস মাই লাইফ’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়। সেই নাটকেই দর্শকের মন কাড়েন জুনায়েদ। এরপর থেকে করে যাচ্ছেন মডেলিং ও নাটক। বর্তমানে তার হাতে রয়েছে সজীব চিস্তির পরিচালিত ‘সরি মিরাবাই’সহ বেশ কয়েকটি নাটক। সেই সঙ্গে দেশের নামী শিল্পীর গানের মুখ মেলাবেন তিনি।
আরফিন জুনায়েদ জানান, ‘গতবছর থেকে টিকটকে স্পন্সরশীপ পেয়েছি। বর্তমানে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করে ব্যস্ত আছি। হাতে আছে কয়েকটি নাটকের কাজ। তবে আমার লক্ষ দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করা। কারণ সিনেমাই আমাকে বেশি টানে। নিজের মেধা, যোগ্যতা ও সর্বোচ্চ চেষ্টাকে কাজে লাগিয়ে সামনের দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি সবার হৃদয় জয় করতে পারবো।’

ইত্তেফাক/বিএএফ
