‘আমার কাছে আম্মা ছিল বিশেষ কিছু। আমি আজকে কী, এটা তো আম্মা দেখে গেল না। সে তো কিছুই জানে না! সবচেয়ে খারাপ লাগে, আমি এত মানুষের চিকিত্সা করাই, যেহেতু ৩৫ বছর ধরে ওষুধ কোম্পানির সঙ্গে জড়িত, তারপরও আমি আম্মার কোনো চিকিত্সা করাতে পারলাম না। একটা ওষুধ নেই, ডাক্তার নেই। কোনো প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালে নিয়ে যাব, সেটারও উপায় নেই। এমন জঘন্য কাজ কোনো মানুষের পক্ষে কীভাবে সম্ভব, ভেবে পাই না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। কথা বলার সময় অঝোরে কাঁদেন তিনি।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান ২৪ আগস্ট মারা যান। নাজমুল হাসান পাপনের মা আইভি রহমান। মঙ্গলবার মায়ের কবরে শ্রদ্ধাঞ্জলি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। পাপন বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে যখন দেখি টেলিভিশনে সেই ঘাতকদের পক্ষ নিয়ে অনেকেই সাফাই গায়, মিথ্যাচার করে। তখন আমার কাছে কেমন লাগে বলেন?’ তিনি আরো বলেন, ‘শুধু আমার আম্মা নয়, শত শত মানুষ পড়ে কাতরাচ্ছে, কোনো চিকিত্সা দেবে না। মেরে ফেলতেই হবে, এই যে মনোভাব এটা কোনো দিন চিন্তা করা যায়! এক দিন তাদের বিচার হবেই হবে।’
