সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বরুড়া থানার ভাউকসার বাজার থেকে জাল টাকাসহ আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বরুড়া থানার ভাউকসার ইউনিয়নের ভাউকসার গ্রামের আবুল কালামের পুত্র আলমগীর হোসেনকে (৪৫) গত বৃহস্পতিবার বিকালে ভাউকসার বাজার থেকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সে জাল টাকাসহ বিভিন্ন সময় পুলিশ ও র্যাবের হাতে আটক হয়ে কয়েকবার জেল খেটেছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কি না সে বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
