নাটোরে আটদিন ধরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জামিল হোসেন মিলন আটদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেছেন নিখোঁজ মিলনের পরিবার ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক শাহরিয়াজ ও পুলিশ সুপারের পক্ষে এসআই আতাউর রহমানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নিখোঁজ মিলনের বাবা এমদাদুল হক, ছোট বোন আঁখি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস প্রমুখ।

স্মারকলিপিতে এমদাদুল হক জানান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনকে গত ৩১ জানুয়ারি মধ্যরাতে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনের একটি দল অপহরণ করে। এরপর তার ব্যবহূত ফোন থেকে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলেও এখনও মিলনের কোনো সন্ধান পাওয়া যায়নি। মিলনের সন্ধানে সহায়তার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তা কামনা করেন এমদাদুল হক।