প্রশংসায় ভাসছেন

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:১৮

 

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

ছোটপর্দার গুণী নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের প্রথম সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’ একটি ওটিটি প্ল্যাটফর্মে এরইমধ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছেন, দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছেন এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই প্রজন্মের মেধাবী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এই সিনেমায় অর্ষা অভিনয় করেছেন চিকিত্সক তানিয়া চরিত্রে। ভীষণ ব্যক্তিত্ববান চিকিত্সক তানিয়া তারচেয়ে ছোট এক তরুণের প্রেমে পড়েন। কিন্তু তার সেই প্রেম কিংবা ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে তিনি তার ব্যক্তিত্ব বজায় রেখেছেন। সিনেমার অন্যান্য চরিত্রের চেয়ে অর্ষা কিংবা তার চরিত্রটি এখানেই আলাদা। সকল দর্শকের দৃষ্টি যেন অর্ষার দিকে। অর্ষাকে নিয়ে যারা নাটক নির্মাণ করেন তারাই কেবল জানেন তার অভিনয় ক্ষমতা সম্পর্কে। তার চোখ অভিনয়ের ভাবাবেগ প্রকাশের ক্ষেত্রে যেন একটু বেশিই প্লাস। সহকর্মীরা তার অভিনয়ের খুবই ভক্ত। অর্ষা অভিনীত নাটকগুলো দেখে দর্শক তৃপ্ত হন। অর্ষা অভিনীত চরিত্রের প্রতি দর্শকের এক ধরনের মায়া জন্ম নেয়। সেই দর্শকই আবার অপেক্ষায় থাকেন অর্ষার নতুন কাজের। যেমন অপেক্ষায় থাকা দর্শকেরা মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ সেই অর্ষাকে আবার তানিয়া রূপে দেখে মুগ্ধ হচ্ছেন। তানিয়া চরিত্রে অর্ষাকে নির্বাচিত করা প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘২০১২ সালে আমি আমার প্রথম নাটক অর্ষাকে নিয়ে নির্মাণ করেছিলাম। তখন আমি নতুন ছিলাম, কিন্তু অর্ষা ভীষণ সহযোগিতা করেছিল। এত বছর পর নির্মাতা হিসেবে আমি আমার একটি অবস্থান তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরও সেই প্রথম নাটকের মতই অর্ষা আমাকে এই সিনেমা নির্মাণের সময়েও আমাকে খুব সহযোগিতা করেছে। তাকে নির্বাচিত করার কারণ ছিল এমন যে, তানিয়া চরিত্রে এমন একজন অভিনেত্রীকেই প্রয়োজন ছিল—যিনি খুব ভালো অভিনেত্রী এবং আমরা যে চ্যালেঞ্জের মধ্যদিয়ে কাজ করব তাতে সহযোগী মনোভাবাপন্ন হতে হবে। অর্ষা ছিল এ কারণে পারফেক্ট। একজন ভালো অভিনেত্রী তো বটেই, অর্ষা ভীষণ ভালো মনের একজন মানুষও।’ তানিয়া চরিত্রে অভিনয় করে সাড়া পাওয়া প্রসঙ্গে অর্ষা বলেন, ‘এ পর্যন্ত আমি যত কাজ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি আমি নেটওয়ার্কের বাইরে সিনেমায় কাজ করে। দর্শক তো আমার অভিনীত চরিত্রটিতে আমার অভিনয়ের প্রশংসা করছেনই, আমার অনেক সহকর্মীও আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, প্রশংসা করেছেন। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালোলাগার। একটি ভালো কাজ করলে যে দর্শকের কাছে থেকে অভূতপূর্ব সাড়া মিলে নেটওয়ার্কের বাইরে তানিয়া চরিত্রটিই তার প্রমাণ। আমি সত্যিই সবার ভালোবাসায় আবেগাপ্লুত। ধন্যবাদ নির্মাতা মিজানুর রহমান আরিয়ানকে।’