‘গানটির জন্য এখনো অনেক সাড়া পাই’

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:১৯

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

রিয়েলিটি শো’র মধ্যদিয়ে একজন সংগীতশিল্পী হিসেবে পেশাগতভাবে সংগীতাঙ্গনে বিউটির যাত্রা শুরু হয়। সেই সময় তিনি বাংলাদেশের কিংবদন্তি  সংগীতশিল্পী, সংগীত পরিচালক কুমার বিশ্বজিত্’র সুরে ‘অন্ধকার কয় চন্দ্রটারে’  শিরোনামের একটি গান গেয়ে বেশ সাড়া ফেলেছিলেন। গানটি লিখেছেন কবির বকুল। এই গানটি বিউটির একক অ্যালবাম ‘চরণদাসী’তে ছিল। এটি এখনো শ্রোতা-দর্শকের ভালোলাগার একটি গান। বিউটি যখন বিভিন্ন লাইভ শো’য়ে যান তখন তিনি এই গানটি গাওয়ার জন্য অনুরোধ পেয়ে থাকেন। যে কারণে কুমার বিশ্বজিত্’র সুরে আরো গান গাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিউটি।

বিউটি প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘একজন মানুষ হিসেবে বিউটি ভীষণ বিনয়ী এবং তারমধ্যে সারল্যতা আছে। গানের লালন, শরিয়তী, মুর্শিদী, মারফতী, ভাটিয়ালী ও বিচ্ছেদী ঘরানার মধ্যে লালন ঘরানার গান বিউটির কণ্ঠে  অসাধারণ। তার কণ্ঠে এক ধরনের মাদকতা আছে। সুযোগ হলে নিশ্চয়ই আমার সুরে আবার গাইবে, কেন নয়।’ বিউটি বলেন, ‘শ্রদ্ধেয় কুমার বিশ্বজিত্ স্যার আমার সংগীত জীবনের শুরুতেই এই গানটি সুর করেছিলেন। আমার জন্য এটি ছিল অনেক বড় প্রাপ্তি। গানটির জন্য এখনো অনেক সাড়া পাই। বিভিন্ন লাইভ শো’য়ে গানটির জন্য অনেক অনুরোধ আসে। আমি চেষ্টা করি গাওয়ার জন্য। তবে স্যারের সুরে আরো গান গাইতে ইচ্ছে করে। জানি না সেই সময় সুযোগ আসে কি না। তবে স্যারের প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ।’ আজকের বিউটি হওয়ার নেপথ্যে অনেকের অবদান থাকলেও বিউটি তার বাবার অবদানকেই সবচেয়ে বড় করে দেখেন।