শ্বেতী রোগ চিকিত্সায় আশারবাণী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:১৪

শ্বেতী বা ভিটিলাইগো রোগের চিকিত্সা ও নিরাময় নিয়ে আশারবাণী শুনিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শ্বেতী রোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন ভারতের চন্ডিগড়ের পিজি এম ই আর এর অধ্যাপক ডা. দেবিন্দর প্রসাদ। খ্যাতিমান এই শ্বেতী বিশেষজ্ঞের অভিমত, এখনও পর্যন্ত শ্বেতী রোগের নিরাময়যোগ্য কোনো আধুনিক চিকিত্সা বের না হলেও গবেষণা ও নতুন ওষুধ উদ্ভাবনের যে প্রচেষ্টা চলছে তাতে অদূরভবিষ্যতে শ্বেতী রোগের চিকিত্সায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। গতকাল শনিবার শ্বেতী, হেয়ার ট্রান্সপ্লান্ট এবং পিগমেন্ট চিকিত্সা বিষয়ক এক বৈজ্ঞানিক সভায় এ তথ্য তুলে ধরেন ডা: প্রসাদ। অ্যাসোসিয়েশন অব কসমেটিক ডার্মাটোলজিস্ট এর উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম ইউ কবীর চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এ জেড এম মাইদুল ইসলাম এবং বিশেষ অথিতি ছিলেন অধ্যাপক মুজিবুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডা: মো: শহীদুল্লাহ শিকদার। ইউনি ডার্মার ম্যানেজিং ডাইরেক্টর এম মোসাদ্দেক হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা: রাশেদ মোহাম্মদ খান। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা: মো: সিরাজ উদ্দিন হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অধ্যাপক মাইদুল ইসলাম বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ তৈরি হবার বিষয়ে আশাবাদী হলেও কসমেটিক সার্জারির গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পারফেক্ট নলেজ ছাড়া কসমেটিক সার্জারি করা উচিত নয়। সেমিনারের মূল পর্ব ছিল শ্বেতী বিশেষজ্ঞ অধ্যাপক ডা: দেবিন্দর প্রসাদের শ্বেতী বা ধবল রোগে নিরাময়ে কীভাবে স্কিন গ্রাফটিং করা হয় তা নিয়ে আলোচনা। তিনি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে শ্বেতী আক্রান্ত স্থানে সেল গ্রাফটিংয়ের কৌশল সম্পর্কে আলোচনা করেন।

সেমিনারে সবচেয়ে উদ্বেগজনক তথ্য উপস্থাপন করেন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা: মো: সিরাজউদ্দিন। তিনি বলেন, আজকাল অনেক বিশেষজ্ঞ ইউটিউব দেখে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন বনে যাচ্ছেন। তাদের হাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে রোগীর বিপর্যয় হতে পারে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক এম ইউ কবীর চৌধুরী ডার্মাটোলজি, এসথেটিক ও কসমেটিক ডার্মাটোলজিসহ বিভিন্ন ক্ষেত্রে সাব স্পেসালিস্ট হওয়ায় আশাবাদ ব্যক্ত করেন এবং একটি বৃহত্তর প্লাটফর্মের অধীনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক চৌধুরী জাতীয় শ্বেতী ফাউন্ডেশন অব বাংলাদেশেরও সভাপতি।

লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং

মহাসচিব, জাতীয় শ্বেতী ফাউন্ডেশন