ভুয়া পরীক্ষার্থী আটক আসল পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময় ভুয়া পরীক্ষার্থীকে আটক ও আসল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে কেন্দ্রের বাইরে থেকে আসল পরীক্ষার্থী মোত্তালিব হোসেনকে আটক করার পর তার মাধ্যমে কেন্দ্রের একটি কক্ষ থেকে পরীক্ষা দেওয়া অবস্থায় ভুয়া (বদলি) পরীক্ষার্থী শামীম হোসেনকে আটক করে। এ ঘটনায় আসল পরীক্ষার্থী মোত্তালিব হোসেনকে বহিষ্কার ও ভুয়া পরীক্ষার্থী শামীম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে বলে কেন্দ্র সচিব আ.সা. মো. মনোয়ারুল ইসলাম জানিয়েছেন। সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।