আশাশুনিতে মোটরসাইকেল চালককে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালককে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাদ্রাসার সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন গাজীর ছেলে। আটককৃতরা হলো, উপজেলার মধ্যম একসরা গ্রামের আব্দুল আজিজ, একই গ্রামের আল আমিন কারিকর ও রবিউল ইসলাম। আনুলিয়া ইউনিয়নের দফাদার আব্দুস সাত্তার জানান, জাহাঙ্গীর আলম পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। গত বুধবার রাত ১০টার দিকে রবিউল, আল আমিন ও আব্দুল আজিজ একসরা লঞ্চঘাটে যাওয়ার কথা বলে জাহাঙ্গীরের মোটরসাইকেল ভাড়া করে। রাজাপুর গ্রাম থেকে রওনা দিয়ে মধ্যম একসরা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে পেছন দিক থেকে চালক জাহাঙ্গীরের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার পর লাশ ওই মাদ্রাসার সেপটিক ট্যাংকে ফেলে রেখে ঘাতকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।