সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্র সিরাজুল মনির খান সাকিব (১৪) হত্যা মামলার প্রায় সাড়ে তিন বছর পর আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোতাহার হোসেনের দুইদিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারীর অপরাধ তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার) মো. শাহানুর বারীর নেতৃত্বে সিআইডির একটি দল গত মঙ্গলবার নীলফামারী শহর থেকে তাকে আটক করে। পরে সাকিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সূত্র জানায়, ২০১৫ সালের ১৩ জুন রাতে সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজ পাড়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় সরকারি কারিগরি কলেজের ৮ম শ্রেণির ছাত্র সিরাজুল মনির খান সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। সে তার বাবা-মার সাথে থাকলেও ঘটনার দিন তার বাবা ইসলামী ফাউন্ডেশনের কর্মচারী হাবিবুর রহমানসহ পরিবারের লোকজন তাকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। রাতে তারা ফিরে এসে ঘরের সিলিংয়ে সন্তানের ঝুলন্ত লাশ দেখতে পান। এ ঘটনায় সাকিবের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেন।
