সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

 

শিশুদের ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভসের সিইও সামছুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সোহেলীয়া নাজনীন হক সিলভিয়া প্রমুখ।

জমিজমা সংক্রান্ত শুনানি চলাকালে হামলায় আহত পাঁচ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা শুক্রবার গাংনীর করমদীতে জমিজমা সংক্রান্ত শুনানি চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য ও জমির মালিকানা দাবিকারী জাকির হোসেন গং জানান, ২০১৭ সালের ৩০ মে তাদের হিন্দা মৌজার দাগে ১১ শতক জমি নামজারি করা হয়। কিন্তু একই গ্রামের সৈয়দ আলীর ছেলে রহমতুল্লাহ জমি তাদের দাবি করে নামজারি করে। একই জমি দুইজনের নামে নামজারি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি মিমাংসার জন্য আবেদন করা হয়। এর প্রক্ষিতে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে তেঁতুলবাড়িয়া ইউপি ভূমি কর্মকর্তা বদরুল আলমকে নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী ওইদিন শুনানি চলাকালে বাকবিতণ্ডার এক পর্যায় মকলেচুর রহমান ও আফাজ আলীসহ তাদের সহযোগীরা হামলা চালায়। অভিযুক্ত আফাজ উদ্দীন বলেন, ধাক্কাধাক্কিতে তিনিও আহত হয়েছেন। পরবর্তীতে তহসিলদার মিমাংসা করে দিয়েছেন।

তালায় শিশু অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জাতিসংঘ শিশু অধিকার সনদ, জাতীয় শিশুনীতি-২০১১, শিশু আইন-২০১৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩, বাল্য বিবাহ আইন-২০১৭, শিশু শ্রম নিরসন আইন এবং বাংলাদেশের শিশুদের অনুকূল ও প্রতিকূল অবস্থার ধরনসহ শিশুদের জীবন-মান উন্নয়নে করণীয় শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ শুক্রবার সম্পন্ন হয়েছে। ইউএনডিপির এইচআরপি কর্মসূচির আর্থিক সহায়তায় তালাস্থ মুক্তি ফাউন্ডেশনের সেমিনার কক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়। মুক্তি ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ। প্রশিক্ষণ প্রদান করেন ভয়েস অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম এবং বিএসএএফ’র সহকারী প্রোগ্রাম অফিসার সাজ্জাদ আহমেদ।

তিতাসে শত বর্ষপূর্তিতে নতুন রূপে সুবা মানজিল

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী সুবা মানজিল শত বছর পর ফিরে পেয়েছে তার হারানো যৌবন। উপজেলার কদমতলী গ্রামে শত বছর আগে নির্মিত সুবা মানজিলটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও শতবর্ষ পূর্তি উপলক্ষে ভবনটির উত্তরসুরিদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দৃষ্টিনন্দন মানজিলটি এক নজর দেখার জন্য দেশের অনেক পর্যটক প্রেমিক এবং আশে-পাশের লোকজন প্রতিদিন বিকেলে ভিড় করেন। সুবা মানজিলের উত্তরসুরি আবু মোতালেব পারুল জানান, দীর্ঘদিন ধরে মানজিলটির সংস্কার না হওয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্য আমিসহ, ইকবাল হোসেন, বিল্লাল হোসেন, মামুনুর রশিদ, আবু জায়েদ, আবু মুছা, মহিউদ্দিন ও স্বপন মিয়া ২০১৬ সালে সুবা-মানজিলের সংস্কার কাজের উদ্যোগ নিই। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন হয়।

উদীচী শিল্পী গোষ্ঠীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে মধুখালী শাখার মধুখালী উদীচী সংগীত শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ কার্যালয়ের মিলনায়তনে মধুখালী উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আবু দাউদ আলী মোল্যার সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন উদীচীর মধুখালী শাখার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মানিক মজুমদার, সহ-সভাপতি সমীর জোয়াদ্দার, আব্দুল কালাম মোল্যা প্রমুখ।

ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন। শেষে কলেজ অধ্যক্ষ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।

চাটমোহরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা, সংগীত শিক্ষক তারা শংকর নাগ ও অধ্যক্ষ মওলানা মো. আ. রউফ। দিনব্যাপী প্রতিযোগিতায় পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রথমস্থান অধিকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করে। এতে প্রাথমিক পর্যায়ে হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে চাটমোহর সরকারি কলেজ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও শিক্ষক উপস্থিত ছিলেন।