টিকিটের জন্য হাহাকার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে সংবর্ধনা দিয়েছিল বিসিবি। সেখানেই শশাঙ্ক মনোহরকে পূর্বাচলে নির্মিতব্য ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইন দেখিয়েছিল বিসিবি।

রাত পেরিয়ে সকাল হতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল উপলক্ষে দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারপাশের বাতাসে ছড়ালো টিকিটের হাহাকার।

মিরপুর স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার। কিন্তু গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস ফাইনাল দেখতে সকাল থেকেই শেরেবাংলায় দর্শকদের লম্বা লাইন। তিল ধারনের ঠাঁই নেই মিরপুর দুই নম্বর থেকে স্টেডিয়ামগামী রাস্তায়। যে কোনো বড় ম্যাচের আগে মিরপুরে এটি চিরাচরিত চিত্র। আর সাপ্তাহিক ছুটির বিপিএল ফাইনাল বলে দর্শকদের আগ্রহ, চাহিদা সপ্তমে চড়ে বসেছিল।

গতকাল সকাল থেকে টিকিট বুথে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি হাজারো দর্শক। বেলা ১২টায় তাদের ধৈর্য্যচ্যুতি ঘটে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ কয়েকশ দর্শক বেলা ১২টার দিকে শেরেবাংলার মূল ফটক ঠেলে ভেতরে ঢুকে পড়েন। প্রায় ১৫ মিনিট তারা অবস্থান করেছেন স্টেডিয়ামের আঙ্গিনায়। বিসিবি কার্যালয়ে উঠতেও চেষ্টা করেছেন তারা। পরে তাদেরকে নিবৃত করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় দর্শকরা নানা রকম স্লোগান দেন সমস্বরে। ‘টিকিট চাই টিকিট চাই, দালালের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, টিকিট নিয়ে দুর্নীতি, চলবে না চলবে না’ স্লোগানে স্টেডিয়াম পাড়ায় সাড়া ফেলেন দর্শকরা।

তারপরই স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। সর্বোচ্চ তল্লাশির পর প্রবেশের অনুমতি দেয়া হয়েছে সবাইকে। ম্যাচ শুরু হলেও স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ ছিল হাজারো মানুষ।

টিকিটের এই আকাশচুম্বি চাহিদাকে কাজে লাগিয়েছে কালোবাজারিরা। সরেজমিনে দেখা গেছে, নির্দিষ্ট বুথে না থাকলেও স্টেডিয়ামের বাইরে চড়া দামে বিক্রি হয়েছে টিকিট। কয়েকগুণ বেশি মূল্য দিয়ে অনেক ভাগ্যবান পেয়েছেন টিকিট। ফাইনালের আগে টিকিটের মূল্য বাড়িয়েছিল বিসিবি। লিগ পর্বে ২০০ টাকা থাকা সাধারণ গ্যালারির টিকিটের মূল্য করা হয়েছিল ৪০০ টাকা। যা ১৫০০, ২ হাজার টাকায়ও বিক্রি হয়েছে গতকাল।

আতশবাজির ঝলকানিতে শুরু হওয়া ফাইনালের আগে ভাঙনের সুরও বেজেছে মিরপুরে। মিলনমেলা সাঙ্গ হওয়ার দৃশ্য দেখা গেছে স্টেডিয়ামে। গত ৫ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল মঞ্চস্থ হয়েছিল গতকাল। মাঠে ব্রডকাস্ট ক্রু থেকে শুরু করে ধারাভাষ্যকার সবাই নিজেরা দলবেঁধে ছবি তুলেছেন। ধারাভাষ্যকাররা নিয়মিত পোশাকের বাইরে পাঞ্জাবি পরে এসেছিলেন ফাইনাল ম্যাচে।

এক মাসের লম্বা সময় ধরে ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা হয়ে শেষ বিন্দুতে বিপিএলের ষষ্ঠ আসর। দর্শকদের তুমুল উন্মাদনার মধ্য দিয়ে পর্দা নামল বিপিএল টি-২০ ক্রিকেটের উত্সবের।