বড় জয়ে ভারতের সমতা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় টি-টোয়েন্টিতেই নিজেদের ফিরে পেল সফরকারী ভারত। গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডকে তারা হারায় সাত উইকেটের বিশাল ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে এখন তাই ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে আগামীকাল, হ্যামিল্টনের সেডন পার্কে।

একই দিনে অনন্য দুটি রেকর্ড ছুঁয়েছেন রোহিত শর্মা। এর মধ্যে একটি খেলোয়াড় হিসেবে, একটি অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন রোহিতই সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। গতকাল তিনি ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডেরই মার্টিন গাপটিলকে। ৯২টি টি-টোয়েন্টিতে তার রান এখন ২২৮৮। আর গাপটিলের রান ১১৭২।

আর অধিনায়ক হিসেবে ১৪টি টি-টোয়েন্টি শেষে সর্বোচ্চসংখ্যক জয়ের রেকর্ডও এখন রোহিতের। ১৪টির মধ্যে ১২টিতেই জিতেছে তার দল। এই তালিকায় তার সাথে আছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও পাকিস্তানের সরফরাজ আহমেদ। আর ১১টি করে জিতেছেন পাকিস্তানের শোয়েব মালিক ও আফগানিস্তান আসগর আফগান। যদিও, রোহিতের এই অর্জনের ম্যাচের তারকা হলেন ক্রুনাল পান্ডিয়া। এই বাঁ-হাতি স্পিনার নিয়েছেন তিন উইকেট। এর সুবাদে ২০ ওভারে আট উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৫৮ রানের বেশি করতে পারেনি।  কলিন ডি গ্রান্ডহোম ৫০, রস টেলর ৪২ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ২০ রান করেন। ভারতের খলিল আহমেদ নেন দুই উইকেট। জবাব দিতে নেমে সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। জয়ের মঞ্চটা প্রস্তুত করেন দুই ওপেনার— রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। এই দুজন মিলে প্রথম উইকেট জুটিতে ৯.২ ওভারে করেন ৭৯ রান। ধাওয়ান ৩০ ও রোহিত ৫০ রান করেন। বাকিটা সময় দলের ব্যাটিং সামলান ঋষভ পান্ত। তিনি করেন ৪০ রান করে অপরাজিত থাকেন। মাঝে বিজয় শঙ্কর মাত্র ১৪ রান করে আউট হয়ে গেলেও মহেন্দ্র সিং ধোনির সাথে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের ওপর কোনো বিপদ নামতে দেননি পান্ত। ধোনি ২০ রান করে অপরাজিত থাকেন। ক্রুনালের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

টস: নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড: ১৫৮/৮, ২০ ওভার (গ্র্যান্ডহোম ৫০, টেলর ৪২, উইলিয়ামসন ২০; ক্রুনাল ৩/২৮, খলিল ২/২৭)।

ভারত: ১৬২/৩, ১৮.৫ ওভার (রোহিত ৫০, পান্ত ৪০*, ধাওয়ান ৩০, ধোনি ২০*, মিশেল ১/১৫)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: ক্রুনাল পান্ডিয়া (ভারত)।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।