স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ব্যাটিং দানব গেইলকে চিরপরিচিত রূপে দেখা যায়নি বললেই চলে। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে সেই ঝলক শিগগিরই দেখার আভাস মিলেছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
গেইলের সাথে ক্যারিবিয়ান বোর্ডের ঘোষণা করা দলে ফিরেছেন এভিন লুইস। আর একই স্কোয়াডে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানও। তিনি এই প্রথমবারের মতো ওয়ানডে দলে ঠাঁই পেলেন। এর আগে জাতীয় দলের হয়ে আটটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
গেইল ওয়ানডেতে সর্বশেষ খেলেছিলেন গত জুলাইয়ে, দেশের মাটিতে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে। এরপর ভারত ও বাংলাদেশ সফরের দলেও তার না থাকার কোনো কারণ ছিল না। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা থাকায় গেইল নিজেই নাম প্রত্যাহার করে নেন। গেইলের মতো লুইসও বাংলাদেশের বিপক্ষে গেল জুলাইয়ের সিরিজেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন।
৩৯ বছর বয়সী গেইল হলেন ওয়েস্টইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলা ব্যাটসম্যান। ২৮৪ ম্যাচে তিনি করেছেন ৯৭২৭ রান। তার আগে আছেন কেবল ব্রায়ান লারা। লারা ২৯৯টি ম্যাচ খেলে করেছেন ১০৪০৫ রান। গেইলের ফেরাকে সাধুবাদ জানিয়ে উইন্ডিজের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘আমরা গেইলকে স্বাগতম জানাচ্ছি। ও শেষ দুটি সিরিজ খেলতে পারেনি।’
আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শেষ হবে দুই মার্চ। এই দলটির সাথে সর্বশেষ বাংলাদেশের মাটিতে খেলে যাওয়া ওয়েস্টইন্ডিজ দলে বেশ কয়েকটি পরির্বতন আনা হয়েছে। কার্লোস ব্রেথওয়াই, মারলন স্যামুয়েলস, চন্দরপল হেমরাজ, কাইরেন পাওয়েল, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজরা জায়গা পাননি।
স্কোয়াড:জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ ও ওশানে থমাস।
