এগিয়ে যেতে চায় রিয়াল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯

মাদ্রিদ ডার্বি আজ

স্পোর্টস রিপোর্টার

অতীত ইতিহাসে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রিয়াল মাদ্রিদই। তবে, সাম্প্রতিক সময়ে বিশেষ করে চলতি মৌসুমে রিয়ালের চেয়ে এগিয়ে আছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদই। তাই, আজকের মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে নিজেদের সামর্থের সর্বোচ্চ প্রমাণটাই দিতে হবে।

তবে, সর্বশেষ কোপা দেল রে’র এল ক্লাসিকোতে শক্তিশালী বার্সেলোনার সাথে ড্র করে এল গ্যালাকটিকোরা আছে ফুরফুরে মেজাজে। তাই, আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে তারা। এখন পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো দুই পয়েন্টের ব্যবধান নিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের চেয়ে। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৪২।

তাই আজ জিতলেই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ থাকছে স্যান্তিয়াগো সোলারির দলের সামনে। তবে, ড্র করলেই পয়েন্ট টেবিলের ধারাক্রম একই থাকবে। আর ম্যাচটা অ্যাটলেটিকোর নিজেদের ভেন্যু ওয়ান্ডা মেট্রোপলিটানোতে বলেই রিয়াল একটু ভয়েই থাকবে।

লা লিগার ইতিহাসে এখন অবধি ১৬৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে রিয়াল ৮৬টি ম্যাচে জিতেছে। অ্যাটলেটিকোর জয়ের সংখ্য ৩৯টি। অন্যদিকে ড্র হয়েছে ৩৮টি ম্যাচ।

ম্যাচটিকে সামনে রেখে রিয়ালের উইঙ্গার লুকাস ভ্যাসকুয়েজের কথায় বোঝা গেল দলটি এখন মানসিকভাবে অনেকটাই শক্ত। তিনি বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। যত দিন যাচ্ছে আমরা একটু একটু করে এগোচ্ছি। আশা করি অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে আমাদের জন্য ভাল কিছুই অপেক্ষা করছে।’