স্পোর্টস রিপোর্টার
তামিম ইকবালের আফসোস ছিল— কখনো বিপিএল ফাইনাল খেলতে পারেননি। বিপিএলের আফসোস ছিল— কখনো তামিম ইকবালের সেরা রূপটা দেখা হয়নি।
সব আফসোসের জবাব কাল এক বিন্দুতে মিশে গেল। প্রথমবারের মতো কোনো দলের হয়ে বিপিএল ফাইনাল খেলতে নামলেন তামিম ইকবাল। আর প্রথম ফাইনালে নেমেই একটার পর একটা রেকর্ড গুঁড়িয়ে দিলেন, নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেন। অতিমানবীয় এক ইনিংস খেলে ফাইনালের উজ্জ্বল মঞ্চ নিজের নামে করে নিলেন তামিম ইকবাল খান।
শুরুতে একটু সময় নিয়েছিলেন তামিম। প্রথম পঞ্চাশ করলেন ৩১ বলে। এরপর হয়ে উঠলেন আরও ভয়ানক। পরের ১৯ বলে করে ফেললেন আরও পঞ্চাশ; মানে, ৫০ বলে সেঞ্চুরি। সেঞ্চুরি পূরণ হওয়ার পর আরও ভয়ানক তামিম ইকবাল। পরের ১১ বলে আরও ৪১ রান করলেন। সবমিলিয়ে ৬১ বলে ১৪১ রানে অপরাজিত এ ব্যাটিং দানব।
একটা ছোট্ট তথ্য বোঝাবে কালকের তামিম ইকবালের একক আধিপত্যটা। মোট ১২০ বলের ইনিংস। এর মধ্যে ৬১ বল খেলে তামিম করেছেন ১৪১ রান। বাকী ৫৯ বলে কুমিল্লা দলের বাকী ব্যাটসম্যানরা মিলে ৫৮ রান করতে পেরেছেন!
তামিম ভয়ানক এ ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড নিজের করে নিলেন। প্রথমেই নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন। এর আগে ২০ ওভারের খেলায় তামিমের সর্বোচ্চ রান ছিল ১৩০ রানের ইনিংস। গতকাল সেটাকে ছাপিয়ে গেলেন।
বিপিএলের ইতিহাসে ১৪১ রানের অপরাজিত এ ইনিংসটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে এ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই ইনিংসটা খেলেছিলেন গেইল। মাত্র ৫ রানের জন্য সেই ইনিংস স্পর্শ করতে না পারলেও এবারের আসরের সর্বোচ্চ ইনিংসটা গেইল খেলে ফেললেন।
এ ইনিংসের ভেতর দিয়ে তামিম এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন। সর্বোচ্চ ৫৫৮ রানের মালিক রাইলি রুশো। আর তামিম ইকবালের রান শেষ পর্যন্ত ৪৬৭। তিনি গতকাল টপকে গেছেন ৪২৬ রানের মালিক মুশফিকুর রহিমকে।
তামিম এবার বিপিএলের শুরু থেকেই মোটামুটি রান পাচ্ছিলেন। এরপর পরপর দুটো ম্যাচে শূন্য করার পর নিজে হতাশ হয়ে পড়েছিলেন। পরে প্রবল প্রতাপে ফিরে এসে গত ৮ ম্যাচে তিন বার পঞ্চাশ পার করা ইনিংস খেললেন; এর মধ্যে একটি গতকালকের সেঞ্চুরি।
আর কদিন পরই বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু। এ সময়ে দেশের সেরা ব্যাটসম্যানের এ ভয়ানক রূপ নিশ্চয়ই বাংলাদেশের পুরো ক্রিকেটকেই দারুণ এক স্বস্তি দেবে।
