স্পোর্টস রিপোর্টার
টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ জয়ের পর চারদিনের ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সফরকারীদের চেয়ে ২৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ যুব দল। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে ২৫৭ রান। তৌহিদ হূদয় ৫৮, আকবর আলী ৫০ রানে ব্যাট করছেন। এর আগে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছিল ইংলিশরা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানেই ওপেনার তানজিদ হাসানের (৪) উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন অমিত হাসান ও পারভেজ হোসেন। ৪৯ রান করে অমিত রানআউট হলে ভাঙে সেই জুটি। হাফ সেঞ্চুরি করলেও পারভেজ ইনিংস বড় করতে পারেননি। পরে শামীম হোসেন (১২) দ্রুত ফিরলে ১৭৩ রানে চার উইকেট হারায় স্বাগতিকরা। পারভেজ ৬২ রান করেন।
পঞ্চম উইকেটে দলের হাল ধরেন তৌহিদ হূদয় ও অধিনায়ক আকবর আলী। গতকাল দিনের বাকি সময়ে আর বিপদ হতে দেননি তারা। ৮৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছেন তারা। তাদের ব্যাটেই লিড নেয়ার আশা করছে বাংলাদেশ। ইংল্যান্ডের যুবাদের পক্ষে অ্যাডাম ফিঞ্চ, বাল্ডারসেন, হামিদউল্লাহ কাদরি একটি করে উইকেট নেন।
এর আগে প্রথম দিনের আট উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নেমে গতকাল দিনের শুরুতে ১৯ রান যোগ করতেই শেষ দুটি উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। মুসলে ২৬ রানে অপরাজিত ছিলেন। চার্লসওয়ার্থ ৯৯, বাল্ডারসেন ৬৫, জর্জ হিল ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে রুহেল ৭১ রানে চারটি, মিনহাজুর রহমান তিনটি, গালিব দুটি করে উইকেট পান। চট্টগ্রামে দুই দলের দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
