নিজেকে দেখছি দূরে বসে
মাথাটি রয়েছে পড়ে হিমঘরে, আর—
বুক থেকে ঝরে গেছে যেসব হূদয়
মাটিতে তাদের গুচ্ছ গুচ্ছ চোখ
গাছ হয়ে ছায়া দ্যায় আমারই কঙ্কালে!
গাছের পাতায় বৈশাখী বাতাস
তবু দোলা দ্যায়
ও জীবন, পিছন ফিরে দ্যাখো
নদীর ভেতর ডুবে আছি
বিলুপ্ত প্রজাতির মাছ
ও জেলেবউ শান দাও বটিতে
ও শিল্পের নিষ্ঠুর, হত্যা করো হত্যা করো
স্বপ্ন আর হাওয়ার কলতান,
দূর থেকে দেখি তবু নিজেকে,
নিজের মাংসের দোকান!
