শেখ রাসেল ১ : ১ সাইফ স্পোর্টিং
স্পোর্টস রিপোর্টার
ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে খেলা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্রের আফসোসের শেষ ছিল না। সাইফ স্পোর্টিংকে গোল দিয়ে আবার এই শেখ রাসেলই নিজেদের ভুলে নিজেদের জালে বল পাঠিয়েছে। ১-১ গোলের ড্রয়ে জয়ের সুযোগটা হাতছাড়া হওয়ায় তাদের আফসোসের শেষ নেই এখন।
কোচ সাইফুল বারী টিটু জানালেন এমন ভুল মেনে নেওয়া যায় না। লিগের খেলায় গোল করে এগিয়ে যাওয়া দল যদি আত্মঘাতী হয় সেই ক্ষতি পূরণ করা কঠিন। কোচ টিটু ময়মনসিংহ হতে ফোনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পয়েন্ট হারানোটা ঠিক হয়নি। এটার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।
শেখ রাসেল টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে এগিয়ে যাচ্ছিল। এক ম্যাচ কম হলেও বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিল শেখ রাসেল। কিন্তু কাল ময়মনসিংহের মাঠে জয়ের ধারাটা রাখা গেল না। ৭৯ মিনিটে উজবেক ফুটবলার আজীজভ আলীসেরের গোল (১-০) ম্যাচের গতিপথ রচে দিয়েছিল।
এই ম্যাচে শেখ রাসেল যেভাবে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছিল তা নিয়ে একটি বারও নির্ভার হতে পারছিলেন না কোচ টিটু। তিনি বলছিলেন,‘আমরা এত সুযোগ কখনো পাইনি। প্রথমার্ধেই তিনবার লস করেছি আমরা। গোল লাইন হতে বল ফিরে এসেছে। আমরা অনেক সুযোগ নষ্ট করেছি।’
খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে আত্মঘাতী গোল হজম করে শেখ রাসেল। সাইফের কোরিয়ান ফুটবলার সেনুগিল পার্কের বিপজ্জনক ক্রস ঠেকাতে গিয়ে শেখ রাসেলের ইয়াসিন খানের সঙ্গে ধাক্কা লাগে সাইফের রাশিয়ান ফুটবলার ড্যানিশ বলকাসভের। বল গিয়ে শেখ রাসেলের জালে ঢুকে যায় ১-১।
কোচ বললেন, ‘খেলার শুরুতে গোল দেখেই মনে হচ্ছিল খারাপ কিছ ঘটবে।’ শেখ রাসেল এবং সাইফের এটি প্রথম ড্র। শেখ রাসেলের পয়েন্ট চার খেলায় ১০ এবং সাইফের পাঁচ খেলায় ১০।
