অনলাইনে ইবির পরীক্ষা শুরু

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫৪

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফরম জুমে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার বিভাগের সভাপতি প্রফেসর ড. মিন্নাতুল করিম এ তথ্য জানান। বিভাগ সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে এমএসসি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টারের দুটি পরীক্ষা স্থগিত ছিল। প্রথম দিনে ৫২০৩ নং কোর্সের ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুগল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রেরণ এবং উত্তরপত্র গৃহীত হয়। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, নীতিমালা প্রণয়নের এক সপ্তাহের মধ্যেই অনলাইন পরীক্ষা শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, অন্য সব বিভাগও এভাবে পরীক্ষা শুরু করবে।